২৬ জুলাই ২০২৬ | ১৫:৩২

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বন বিভাগের কার্যালয়ের সামনে একটি রয়েল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ বনকর্মীদের নজরে এসেছে। ঘটনাটি বনকর্মীদের মুঠোফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে।

শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’ আরও পড়ুন শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’

ভিডিওতে দেখা যায়, শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম দিক থেকে এসে বাঘটি বন অফিসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে। পরে ধীরগতিতে উত্তর দিকের জঙ্গলে চলে যায়। বন কর্মকর্তাদের ধারণা, এটি একটি পূর্ণবয়স্ক বাঘিনী।

গত ১৩ জুলাই চিকিৎসা শেষে একই এলাকায় একটি উদ্ধার করা বাঘিনীকে অবমুক্ত করেছিল বন বিভাগ। তবে এবার দেখা পাওয়া বাঘটি সেই বাঘিনী কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ডোরার নকশা বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি বন বিভাগের অবমুক্ত করা বাঘিনী নয়, বরং অন্য একটি বাঘিনী।

অবমুক্ত বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে প্রায় আট কিলোমিটার এলাকায় ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় ইতোমধ্যে আরও তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। পাশাপাশি চিত্রা হরিণ, মায়া হরিণ, মেছো বাঘ, বন মোরগ ও বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীরও ছবি ধরা পড়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের বিচরণ আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে হরিণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নিয়মিত টহলে বনকর্মীরা আগের চেয়ে বেশি বাঘের পায়ের ছাপও দেখতে পাচ্ছেন।