শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বর্তমানে ওই নারী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর ছেলে পাঁচজনের নাম উল্লেখ করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছেন।

শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’ আরও পড়ুন শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’

অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

জানা গেছে, কিছুদিন আগে আনোয়ার হোসেন মোল্লা দাবি করেন, তাঁর বাড়ি থেকে দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার ছয়গাঁও এলাকার ভুক্তভোগী নারীকে ধরে নিয়ে যান আনোয়ার ও তাঁর সহযোগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলাকার প্রায় অর্ধশত লোকের সামনে এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন।

বিজ্ঞাপন

এ সময় ওই নারী চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেও আবার তুলে মারধর করা হয়। নির্যাতনের সময় বারবার নিজেকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার আকুতি জানান ওই নারী।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে বলেন, ‘কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই আমার অসুস্থ মাকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’

এদিকে ঘটনার পর আসামিরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’