১৭ জুলাই ২০২৬ | ০৪:৩৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে রায় কার্যকর করা হবে। যদি আপিলের সুযোগ থাকে, তখন আপিল হবে। শেখ হাসিনা মাঝেমধ্যে বাংলাদেশে আসার ঘোষণা দিচ্ছেন। সরকার তাঁকে আইন অনুযায়ী ফেরাতে চায়।
শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সেটা ভারত সরকারের বিষয়। তারা কি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে নাকি অন্যভাবে পাঠাবে, সেটা তাদের বিষয়। বাংলাদেশ সরকার চায়, তিনি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরে আসুন।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে। এ নিয়ে প্রস্তুতি চলছে। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন অনুযায়ী যা করা দরকার, সরকার তা করেছে। বেনজীরের বিষয়ে তথ্য-উপাত্ত চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলেছিল। সেসব কাগজপত্র তিন দিনের মধ্যে দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদি হত্যার তিন আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের বিষয়ে ভারত সরকারকে বিস্তারিত জানানো হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। ভারত একটু সময় নিচ্ছে।
দেশের বিভিন্ন এলাকায় আরবি লেখা সংবলিত পতাকা কারা টানিয়েছিল, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে কিনা– এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হয়তো এগুলো করার চেষ্টা করছে। কিছু সংগঠন আছে, আমরা ইংরেজিতে বলি যে, এরা হয়তো এক্সট্রিমিস্ট। কিন্তু আমরা মনে করি না, দেশে এ রকম কোনো সংগঠন আছে। আমরা মনে করি না জঙ্গিবাদী তৎপরতা আছে।’