২১ জুলাই ২০২৬ | ১৮:০৪

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি সরকার ও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এক পোস্টে তিনি লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে’।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

সোমবার যন্তর মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচির অংশ হিসেবে সংসদের দিকে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

ঘটনার পর মঙ্গলবার এক্সে প্রথমে অরিজিৎ সিং লেখেন, ‘এখন তো আপনারা শিক্ষার্থীদেরই মারছেন। আপনাদের কি লজ্জা লাগে না?’

বিজ্ঞাপন

এরপর আরেক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো নেতা-মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

সবশেষে তিনি লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এর আগেও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন অরিজিৎ সিং। ২০২৪ সালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর বিচার দাবিতে একটি বাংলা গান প্রকাশ করেন তিনি। তখন তিনি বলেছিলেন, এটি শুধু প্রতিবাদের গান নয়, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান।

বর্তমান শিক্ষার্থী আন্দোলনটি দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে। আন্দোলনকারীরা শিক্ষা খাতে অনিয়ম, বিশেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ করছেন।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ ও শাবানা আজমিসহ ভারতের আরও কয়েকজন অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

সূত্র: দ্য টেলিগ্রাফ