রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
দুটি সূত্র বলেছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর সূত্রটি বলেছে, পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান। এরপরই তাঁর ‘সাবেক’ এই মিত্র পদত্যাগ করতে যাচ্ছেন।
ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দমন–পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।
২০২৪ সালের ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত থেকে শেখ হাসিনার ফেরার সময়সীমা ঘোষণার ফলে দেশের সর্বোচ্চ দপ্তর থেকে তাঁর সর্বশেষ মিত্রকে সরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বাড়তে থাকে।