নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা একটার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় লাশটি ভেসে আসে। নৌ পুলিশের দাবি, লাশটি যে স্থানে আটকে ছিল, সেই এলাকা তাদের আওতায় নয়। অন্যদিকে, থানা–পুলিশ জানায়, লাশটি গতকাল নৌ পুলিশের আওতাধীন এলাকায় ছিল। আজ থানা–পুলিশের আওতাধীন এলাকায় আসার পর উদ্ধার করা হয়েছে।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, লাশটি অন্তত এক সপ্তাহের পুরোনো। ইতিমধ্যে ওই ব্যক্তির মুখমণ্ডল থেকে শুরু করে পুরো শরীর পচে গেছে।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, গতকাল বেলা ১১টার দিকে জোয়ারের পানির সঙ্গে লাশটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে ছিল। দীর্ঘদিন পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে। স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। লাশটির বিষয়ে গতকালই পুলিশকে জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন লাশটির অবস্থান নদীর কাছাকাছি ছিল। এলাকাটি নৌ পুলিশের আওতাধীন। এ কারণে নৌ–পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে আজ সকালে নৌ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেখে লাশটি জোয়ারের পানিতে বনের ভেতরে ঢুকে গেছে। বিষয়টি জানতে পেরে নিঝুম দ্বীপ তদন্তকেন্দ্রের একটি দল লাশটি উদ্ধার করেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, গতকাল রাতে তিনি লাশের বিষয়টি জেনেছেন। পরে আজ সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, লাশটি নদীর তীর থেকে প্রায় ৫০০ ফুট ভেতরে বনের মধ্যে। এই এলাকা নৌ পুলিশের আওতাধীন নয়। এ কারণে তাঁরা লাশটি উদ্ধার না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জেলা পুলিশকে জানিয়েছেন।