বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন, সাহিত্যকর্ম ও তাঁর জীবনদর্শন নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। লেখকের প্রয়াণদিবস উপলক্ষে ১৯ জুলাই রাত ১০টায় ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই হুমায়ূন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পাঠচক্রে অংশগ্রহণকারীরা হুমায়ূন আহমেদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়, সাহিত্যজীবনের সাফল্য, তাঁর সৃষ্ট চরিত্রগুলোর জনপ্রিয়তা এবং মানুষের জীবনবোধ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির আলোচনা করেন। একই সঙ্গে তাঁর উক্তিগুলোর অন্তর্নিহিত দর্শন ও বর্তমান সমাজে সেগুলোর প্রাসঙ্গিকতাও আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
বন্ধু রাহীম বলেন, ‘হুমায়ূন আহমেদের “সব মানুষই বিনয়কে এ দেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়” উক্তিটি আমাদের সমাজের বাস্তব চিত্রকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে।’
বন্ধু মাহিন ফয়সাল বলেন, ‘“মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসার শিকল পরে থাকতে ভালোবাসে” কথাটির মাধ্যমে হুমায়ূন আহমেদ মানুষের অনুভূতি, সম্পর্ক এবং ভালোবাসার গভীর সত্য প্রকাশ করেছেন।’
বন্ধু সাইফ উদ্দিন বলেন, ‘দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না’ উক্তিটি আমাদের ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে অনুপ্রাণিত করে। কঠিন সময় পার হয়ে যাওয়ার শক্তি এ কথার মধ্যেই নিহিত রয়েছে।
সভাপতি জাহিদ হাসান বলেন, ‘হুমায়ূন আহমেদের জীবনী ও জীবনদর্শন নিয়ে এমন পাঠচক্র আমাদের সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করার পাশাপাশি জীবনের নানা দিক নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। আজকের দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ–তায়ালা যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম।