১৭ জুলাই ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১৭:০১
বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে দুশ্চিন্তার মুখে স্পেন। নিউ জার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী মহারণের আগে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামাল এবং ডিফেন্ডার পেদ্রো পোরোর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন
আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও
বৃহস্পতিবার নিউ জার্সিতে যখন পুরো স্পেন দল একসঙ্গে ঘাম ঝরাচ্ছিল, তখন আলাদাভাবে হালকা অনুশীলন করতে দেখা গেছে এই দুই তারকাকে। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফুটবল মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ভক্তদের মনে প্রশ্ন, ফাইনালের আগে কি চোটে পড়েছেন দলের দুই তারকা?
তবে সমর্থকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।। রয়টার্সকে ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইয়ামাল বা পোরোর গুরুতর কোনো চোট নেই। তাদের এই আলাদা অনুশীলনের সিদ্ধান্তটি মূলত সতর্কতামূলক। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত টানা ধকল সামলানো খেলোয়াড়দের ক্লান্তি দূর করে তাদের তরতাজা রাখতেই কোচিং স্টাফ এই কৌশল অবলম্বন করেছে।
স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার থেকেই তারা দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেওয়ার কথা। কোচ লুইস দে লা ফুয়েন্তে কোনো ঝুঁকি নিতে চাইছেন না, কারণ আর্জেন্টিনার বিপক্ষে পুরো ৯০ মিনিট বা তার বেশি সময় দুই তারকাকে শতভাগ ফিট অবস্থায় পেতে চান তিনি।