নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করার অভিযোগ তুলে দুই যুবকের বাড়িতে হামলা করেছে এক দল লোক।

পরে ওই দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে এক যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের একটি চলমান আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন। পোস্টের ভাষা ধর্মীয় বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। ওই পোস্টে মন্তব্য করেন আরেক যুবক, যা ধর্মীয় অবমাননাকর। এসব পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ধর্মীয় বিদ্বেষ, ঘৃণা ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(১) ধারায় মামলা করা হয়েছে।

এদিকে ওই অভিযোগ ছড়িয়ে পড়ার পর গতকাল সন্ধ্যায় একদল লোক ওই দুজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী এক যুবকের স্বজন বলেন, ‘যে অন্যায় করেছে, আমরা চাই তার শাস্তি হোক। কিন্তু আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হলো কেন? জীবন বাঁচাতে আমরা পালিয়ে গিয়েছিলাম। হামলাকারীরা চলে যাওয়ার পর এসে দেখি, বাড়িঘর তছনছ। আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

ওসি আরও বলেন, দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।