রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় ৭টি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কাজীপাড়া স্টেশনে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

আজ রোববার ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের সিঁড়ি থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল জানায়, অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের চলাচলের পরিবেশ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন।

এর আগে ৯ জুলাই উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশন এবং ১০ জুলাই মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান চালায় ডিএমটিসিএল।