দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০১:১৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ০১:১৫
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
‘মামলা না ছাড়লে তোমাকে এলাকা ছাড়া করব, আমার কথা অনুযায়ী মামলা ছাড়তে হবে, না ছাড়লে তোমার খবর করে ফেলব, মানুষ চেন তুমি? মামলা না ছাড়লে এলাকা ছাড়া করব’—এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. জমশেদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী রোকনুজ্জামান।
এদিকে আইনজীবীকে দেওয়া হুমকির একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, একটি মামলার আসামির জামিন করিয়ে দেওয়ার কথা বলে আবুল কালামের সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি করেন জমশেদ আলী। এ সময় তিনি অগ্রিম ৮ হাজার টাকা নেন। তবে দুই দফা আবেদন করেও জামিন করাতে ব্যর্থ হন তিনি। পরে জমশেদের ওপর আস্থা হারিয়ে আইনজীবী রোকনুজ্জামানের শরণাপন্ন হন আবুল কালাম। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবী রোকনুজ্জামানকে মুঠোফোনে কল করে মামলাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন জমশেদ আলী। ওই ফোনালাপের একটি অডিও রেকর্ড পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত জমশেদ আলী দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে আইনজীবী রোকনুজ্জামান বলেন, হুমকির ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমশেদ আলী বলেন, আইনজীবী রোকনুজ্জামানের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। রাগের মাথায় তিনি ওই ধরনের কথা বলেছেন। তবে ফোনালাপের অডিও রেকর্ডের সত্যতা স্বীকার করেন তিনি।