নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়।

নওগাঁয় লেমন গ্রাস চাষে বদলাচ্ছে কৃষকদের ভাগ্য আরও পড়ুন নওগাঁয় লেমন গ্রাস চাষে বদলাচ্ছে কৃষকদের ভাগ্য

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ বেলা একটার দিকে কার্তিকাহার গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় খালের তীরে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। হঠাৎ নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যান। একপর্যায়ে তাঁকে উদ্ধার করতে খালে নামেন সুমাইয়া।

এরপর সুমাইয়াও খালের পানিতে নিখোঁজ হন। ঘটনা টের পাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার বলেন, স্থানীয় লোকজন দুজনকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, মৃত্যুর এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।