কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১৬:১৩

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম ও একটি ল্যাপটপসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার দিবাগত রাতে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় শাহাব উদ্দিন ও হাজেরা আক্তার ঋতুকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি রঙিন প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করে আসছিলেন। পরে নিজেদের এবং সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

ডিএমপি জানায়, চক্রটির মূলহোতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে আগের পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জাল নোট প্রস্তুতকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।