দলের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামের ভিডিওকাণ্ড নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ইঙ্গিতে নেতাকর্মীদের সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ফেরেশতাদের নয়, মানুষের সংগঠন। তাই ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে আপস করা হবে না। বিরোধীদলীয় নেতা জামায়াতের সমালোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরিয়ে দিন। কথা দিচ্ছি আমরা সংশোধন করব।’ শুক্রবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, কেউ ভুল করলে তাকে অবশ্যই সংশোধনের আওতায় আসতে হবে।’  নেতাদের সাবধান করে শফিকুর রহমান বলেছেন, ‘গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, আপনাকে যত্নশীল হতে হবে। সাদা কাপড়ে দাগ কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে বেশি। কেয়ারফুল, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নাই।’   প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। অন্যদেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। বাংলাদেশ শান্তিতে থাকতে চায়। তবে সীমান্তে অশান্তি সৃষ্টি করা হলে তার প্রভাব উভয় দেশকেই বহন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, নেতা ও নীতির সংশোধনের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।   সংবিধান ও গণভোটের ফল বাস্তবায়ন প্রশ্নে সরকারের অবস্থানের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘বেশি সংবিধান কচলাবেন না। না হলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না।’ সংবিধান ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’ প্রশ্নে তিনি বলেন, জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে সংবিধান সংশোধনের জন্য নয়। সংস্কার হলেই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার না হলে, যে সংশোধন হবে, এর মতলব কী জানি।   ঢাকা জেলা জামায়াতের আমির মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।