জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধদলীয় নেতা শফিকুর রহমান। তবে দলে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই বলেও জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত দলের রুকন (সদস্য) সম্মেলনে শফিকুর রহমান এসব কথা বলেন।
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে, অন্যায় ও জামায়াতে ইসলামী একসাথে চলে না। কিন্তু এর দ্বারা এটাও বলছি না যে, আমরা কোনো অন্যায় করি না।’
শফিকুর রহমান যোগ করেন, ‘আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। কিন্তু আমরা আহ্বান জানিয়েছি—আমাদের অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘গায়ে যদি সাদা কাপড় থাকে, আপনাকে যত্নশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নাই। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার; কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘গণভোটের রায়কে বিএনপির অপমান করার প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছিলাম। সংসদে সমস্যার সমাধান না হলে জনগণই গণতান্ত্রিক উপায়ে তার সমাধান করবে।’ তিনি বলেন, সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান এলেও জনগণের রায়কে অস্বীকার করে সেখানে অংশ নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। জনদাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জলাই আন্দোলনের স্পিরিট এখন পৃথিবীর অনেক দেশে প্রবাহিত হচ্ছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘তবে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণ ঠিক করবে যে, তাদের দেশের গতিপথটা কী হবে। একইভাবে আমরা এটাও চাই না যে, কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. মোবারক হোসাইনসহ অনেকে।