রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ জায়েদ (২২) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের চালক আল আমিন ভুবন (২১)।
আজ রোববার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ২টার দিকে জায়েদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, হাতিরঝিলে মোটরসাইকেলের পাশে দুজন আহত অবস্থায় পড়ে ছিল। এরপর দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজন মারা যায়।
আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তাঁর নিজের। দুপুরে জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন।
নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাঁদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। বাবার নাম জামিল শেখ। জায়েদ কিছু করতেন না। দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে জায়েদের মরদেহ দেখতে পান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় দুজনকে আনা হয়েছিল। একজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।