১৮ জুলাই ২০২৬ | ২০:৪৫
দেশে হামের উপসর্গে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ঢাকায় এবং তিনজন সিলেট বিভাগে মারা গেছে। এখন পর্যন্ত মোট মৃত ৭৮৪ জনের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৬৯৯ শিশু। তাদের মধ্যে ৬৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ শিশু। ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩২ জন, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, সিলেটে ৬৬, খুলনায় ৩৮, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ২১ এবং রংপুর বিভাগে ১১ জন রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে। এর মধ্যে পরীক্ষাগারে শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৩।