২৪ জুলাই ২০২৬ | ১৪:৩৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে এ তথ্য জানায় ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
আরও পড়ুন
বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজিবি সদস্যরা তাদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে থাকা অবস্থায় শনাক্ত করেন এবং বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বর্তমানে তাদের ভারতের ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ১৬ বিজিবির টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।