গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮) ও শেখ শাদিউল ইসলাম (২০)। তাঁরা সবাই ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটকে রেখেছিলেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাঁদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তিন যুবকের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রি এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাঁরা বিদেশি ডলার কেনা-বেচা করতেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান তিন যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। এরপর ডিবি পুলিশ তাঁদের আটক করে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে থানায় একটি প্রতারণা মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।