ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বাড়াতে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি।
আজ শুক্রবার বিকেলে গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এই যৌথ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা ও বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে।
সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মতো এত মানুষের মৃত্যু আর কোথাও হয় না।’
অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে এসব মৃত্যু হচ্ছে উল্লেখ করে ওমর সাদাত বলেন, ‘সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা এসব মৃত্যু এড়াতে পারি।’
গুলশান সোসাইটির সভাপতি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধ এক দিন বা নির্দিষ্ট কোনো সময়ের ব্যাপার নয়। এ জন্য গুলশান সোসাইটি বছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহসভাপতি আবদুল মাজেদসহ ডিএনসিসির কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।