চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে বিএসএফ। তবে সেই অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর সীমান্ত পিলারের কাছে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাঙ্গা সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে ওই সাতজনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করা হয়। এরপর তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়।

বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত আরও পড়ুন বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের ২২% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত

বেলা আড়াইটার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে। বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা হয়েছে। কিন্তু পুশইনের বিষয়টি তাঁরা (বিএসএফ) অস্বীকার করেছে। পুশইন হওয়া ব্যক্তিদের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।