১৫ জুলাই ২০২৬ | ২১:১৩

বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় আতিকুর রহমান (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আতিকুর রহমান উপজেলার উল্লাপাড়া গ্রামের দলেবার হোসেনের ছেলে এবং ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও আরও পড়ুন আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ, আগে যাচ্ছেন তাসকিনও

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার সহযোগীরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলকারীদের পক্ষ থেকে যুবদল নেতার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি হিসেবে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।