গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে এক ব্যক্তির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত জাবেদ আলী (৫৫) উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রামের বাসিন্দা। আজ রোববার সকালে তাঁর বাড়ি থেকে ফাঁস নেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি বলেন, অনলাইনে জুয়া খেলতেন ওই ব্যক্তি। এতে অনেক ঋণ হয়েছিল তাঁর।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বেশ কিছুদিন আগে থেকে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে পাঁচ লাখ টাকা ঋণ হয় তাঁর। গতকাল শনিবার রাতেও জুয়ায় হারেন তিনি। ঋণের ভার সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

জাবেদ আলীর ভাগনি রাশেদা বেগম বলেন, ‘মামা জুয়া খেলার শুরুতে আত্মীয়স্বজন ও পরে স্থানীয় বিভিন্ন লোকজনের নিকট থেকে ঋণ করতে থাকেন। একপর্যায়ে ঋণের পরিমাণ পাঁচ লাখে দাঁড়ায়। গতকালও জুয়ায় হেরেছেন। ধারণা করা হচ্ছে, ঋণের ভার সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।’