রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া মিলন নামের এক ডুবুরির লাশ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগোলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা রাস্তার বিভিন্ন অংশ কেটে এগিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। ডুবুরি মিলন একটি ম্যানহোলে নেমে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর তার সঙ্গে সংযুক্ত নিরাপত্তা রশি ছিঁড়ে গেলে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তাঁর সন্ধান না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর উদ্ধার অভিযান শুরু হয়।

স্থানীয় বাসিন্দা মোতালেব আলী বলেন, মিলন ম্যানহোলে নামার পর ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। পরে নলগোলা থেকে সামনের দিকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ শনাক্ত করা হয়। উদ্ধারকর্মীরা রাস্তার বিভিন্ন অংশ কেটে এগিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক রাশেদুর রহমান রাসেল বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার পর তারা নিখোঁজ হওয়ার খবর পান। এরপর ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। শুক্রবার নলগোলা থেকে বেড়িবাঁধমুখী অংশে রাস্তা কেটে অভিযান চালিয়ে মরদেহ বের করা হয়।

সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, কাজটির ঠিকাদার ছিলেন বাবু নামের একজন ব্যক্তি এবং মাঠপর্যায়ে কাজ পরিচালনা করছিলেন মোনা। নিহত মিলনকে স্থানীয়ভাবে ‘ডুবুরি মিলন’ নামে সবাই চিনতেন। ঘটনার পর ড্রেন পরিষ্কার কাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।